লাভলু সরকার | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:০০ এ এম
ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বহরের অন্তত দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগে অংশ নিতে বাজারে গেলে এ কে আজাদের সঙ্গে স্থানীয় লোকজনের শুভেচ্ছা বিনিময়ের সময় ফরিদপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও কৃষ্ণনগর ইউনিয়নের সভাপতি নান্নু মোল্লার নেতৃত্বে একটি মিছিল সেখানে আসে। মিছিলকারীরা স্বৈরাচারবিরোধী স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ প্রহরায় আজাদের গাড়িবহর এলাকা ত্যাগ করে। তবে বহরের শেষদিকে থাকা দুটি গাড়িতে আখ ও লাঠি দিয়ে হামলা চালানো হয়। একটি গাড়ি আজাদের বহরের এবং অন্যটি আইনশৃঙ্খলা বাহিনীর বলে পুলিশ জানিয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: ইনডিপেনডেন্ট