MD ANIS | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬ ১২:০০ এ এম
ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো ধরণের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানের আগে তিনি রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অস্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, "একটি বিশেষ মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা যেন কোনোভাবেই পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে। একই সাথে নিজ নিজ এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার অনুযায়ী ইতিমধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বন্ধ বিমানবন্দর চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি ও দেশব্যাপী খাল খননসহ বিভিন্ন গণমুখী উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। জনগণের ভোট ও অবিচল সমর্থনের কারণেই এসব উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং বড় ধরণের আন্তর্জাতিক স্বীকৃতি।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।