MD ANIS | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১২:০০ এ এম
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যসভার সদস্যপদ থেকে টলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের আকস্মিক পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ও সংসদ সদস্য রুদ্রনীল ঘোষ। তাঁর মতে, কোয়েল হয়তো এমন একটি রাজনৈতিক পথে পা রেখেছিলেন, যা সম্পর্কে তাঁর পূর্ব ধারণা বাস্তবতার সঙ্গে মেলেনি।
চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে মাত্র ৬৬ দিনের মাথায় গত শুক্রবার (১২ জুন) তিনি আকস্মিকভাবে পদত্যাগ করেন। তাঁর এই নাটকীয় সিদ্ধান্ত ঘিরে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় ও আলোচনা শুরু হয়েছে। গত শনিবার (১৩ জুন) কলকাতায় নিজের নতুন সিনেমা ‘আবার হাওয়া বদল’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে স্পষ্ট মতামত জানান রুদ্রনীল ঘোষ।
কোয়েলের প্রশংসা করে এই অভিনেতা সাংসদ বলেন, "কোয়েল অত্যন্ত ভদ্র, রুচিশীলা ও সজ্জন একজন মানুষ। মানুষের জানা ও অজানার মাঝখানে অনেক সময় কিছু অদৃশ্য সিঁড়ি থাকে। হতে পারে তিনি আবেগের বশে কোনো ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন। পরবর্তীতে হয়তো তাঁর বাস্তব জ্ঞান উদয় হয়েছে এবং মনে হয়েছে, এই সিঁড়ি তো তাঁকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে না, যেখানে যাওয়ার কথা তিনি শুরুতে ভেবেছিলেন।" কোয়েলের এই ব্যক্তিগত সিদ্ধান্তকে পূর্ণ সম্মান জানিয়ে রুদ্রনীল আরও বলেন, "তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং সম্পূর্ণ নিজের বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার কাছে তিনি সবসময়ই অত্যন্ত গুণী এবং প্রিয় একজন মানুষ।"
এদিকে নিজের নতুন সিনেমা ‘আবার হাওয়া বদল’ নিয়ে কথা বলতে গিয়ে অতীতের নানা রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতার প্রসঙ্গও তোলেন রুদ্রনীল। তিনি দাবি করেন, সিনেমাটি ২০২৫ সালের ডিসেম্বরেই মুক্তির পরিকল্পনা থাকলেও টলিউডের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তা সম্ভব হয়নি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "যারা তখন এই সিনেমাটি মুক্তি পেতে দেয়নি, মানুষ আজ তাদের ভুলে গেছে। তারা নিজেরাই এখন নিজেদের অস্তিত্ব ও অবস্থান নিয়ে চরম দ্বিধায় আছে। কিন্তু সমস্ত বাধা পেরিয়ে ‘আবার হাওয়া বদল’ আজ দর্শকদের সামনে এসেছে। বর্তমানের এই মন খারাপের সময়েও সিনেমাটি মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমার বিশ্বাস।"
উক্ত প্রিমিয়ার অনুষ্ঠানে রাজ্যের সাম্প্রতিক গরম রাজনৈতিক পরিস্থিতি নিয়েও টিপ্পনী কাটেন রুদ্রনীল। তৃণমূল নেতা কুণাল ঘোষ সম্পর্কে তিনি রসিকতার সুরে বলেন, "কুণাল ঘোষ আমার কাছে সবসময়ই এক পরম বিস্ময়ের নাম। তাঁর নিত্যনতুন বক্তব্য নিয়ে অনেকেই বিনোদন পান।" পাশাপাশি কলকাতায় চলমান ‘ডিম-রাজনীতি’ নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি জানান, ডিমের ব্যবহার হওয়া উচিত অমলেট বা সেদ্ধ করে খাওয়ার জন্য। যেভাবে রাজনৈতিক মাঠে ডিম নষ্ট করা হচ্ছে, তিনি এর তীব্র বিরোধী এবং এই ধরণের অপচয় দ্রুত বন্ধ হওয়া উচিত।