MD ANIS | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬ ১২:০০ এ এম
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে আগুনে নিহতদের মধ্যে বাংলাদেশিও আছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএনআই।
আর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছেন।
বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতায় এক পোস্টে বলা হয়েছে, আহতদের মাঝে তিন জন সাকেতের ম্যাক্স হাসপাতালে ও বাকি দুইজন সফদারজাং হাসপাতালে চিকিৎসাধীন
এ ঘটনায় শোক প্রকাশ করে হাইকমিশন আরও জানায়, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বুধবার (৩ জুন) সকালে পাঁচতলা বিশিষ্ট ‘মিকাসা ইন’ হোটেলের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির হাউজ খাস এলাকার হাউজ রানি অঞ্চলের একটি সরু গলিতে অবস্থিত ২৫ কক্ষের এই হোটেলে অগ্নিকাণ্ডের সময় ৪০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন। তাদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক ছিলেন, যারা চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় বেশিরভাগ অতিথি নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় বলেছেন, নিহতের সংখ্যা ২১ জন এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তাদের ভাষ্যে, নিহত ২১ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক, যাদের অধিকাংশই লাইবেরিয়া, নাইজেরিয়া, মোজাম্বিক ও বাংলাদেশের নাগরিক।