MD ANIS | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬ ১২:০০ এ এম
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তে সমর্থকদের সব আবেগ আর আগ্রহের কেন্দ্রবিন্দু জুড়ে থাকবেন একজনই—লিওনেল মেসি। ৩৯ বছরে পা দিতে যাওয়া এই খুদে জাদুকরের ক্যারিয়ারের সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। আর এই শেষ আসরেই মেসির সামনে অপেক্ষা করছে ফুটবল ইতিহাসের বেশ কয়েকটি অনবদ্য ও কীর্তিময় রেকর্ড।
ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের বিশ্বরেকর্ড উত্তর আমেরিকার এই বিশ্বকাপে মাঠে নামলেই ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়বেন মেসি। তবে এই রেকর্ডে তিনি একা নন; পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (৪১) এবং মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও (৪০) নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন। এর আগে পাঁচটি করে বিশ্বকাপ খেলার রেকর্ড রয়েছে লোথার ম্যাথিউস, জিয়ানলুইজি বুফন ও রাফায়েল মার্কেসের মতো কিংবদন্তিদের।
সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি বর্তমানে জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) দখলে। ১৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিলের রোনালদো এবং ১৪ গোল নিয়ে তিনে গার্ড মুলার। বর্তমানে ১৩ গোল নিয়ে জুস্ত ফন্তেইনের সাথে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন মেসি। এই বিশ্বকাপে আর মাত্র ৪টি গোল করতে পারলে ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এলএমটেন (LM10)। তবে এই দৌড়ে তার মূল প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, যার বর্তমান গোলসংখ্যাও ১৩।
পেলেকে ছাড়িয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের সুযোগ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর (অ্যাসিস্ট) রেকর্ডেও চোখ থাকবে মেসির। বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির অ্যাসিস্ট সংখ্যা ৮টি। এই তালিকার শীর্ষে আছেন ফুটবল সম্রাট পেলে (১০টি অ্যাসিস্ট)। এই আসরে আর মাত্র ৩টি অ্যাসিস্ট করতে পারলে পেলেকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা বনে যাবেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
সবচেয়ে বেশি ফাইনাল খেলার কীর্তি মেসি এ পর্যন্ত ২০১৪ ও ২০২২ সালের দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। আর্জেন্টিনা যদি এবারও ফাইনালে উঠতে পারে, তবে রেকর্ড তিনটি ফাইনাল খেলা পেলে, কাফু, রোনালদো ও লোথার ম্যাথিউসদের এলিট ক্লাবে নাম লেখাবেন মেসি। এখানেও তার সঙ্গী হতে পারেন ফরাসি তারকা এমবাপ্পে।
ম্যাচ ও মাঠের সময়কাল বাড়ানোর চ্যালেঞ্জ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি ইতিমধ্যে মেসির নিজের দখলে (২৬ ম্যাচ)। নতুন ফরম্যাটে একটি দল সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফলে আর্জেন্টিনা যত দূর যাবে, মেসির এই রেকর্ডটি ততই অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছাবে। এছাড়া বিশ্বকাপে সর্বোচ্চ ২ হাজার ৩০০ মিনিট মাঠে খেলার রেকর্ডটিও নিজের করে রেখেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক, যা এবার আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন তিনি।