MD ANIS | Times News 24 | Fast Online News Portal | সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:০০ এ এম
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের মোহাচ্ছন্ন উন্মাদনা ও আকাশচুম্বী ভালোবাসা সশরীরে দেখতে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসছেন আর্জেন্টিনার একটি বিশেষ প্রতিনিধিদল। এই দলে রয়েছেন আর্জেন্টিনার প্রখ্যাত ভ্রমণ লেখক, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং দেশটির সাংস্কৃতিক দূত ড্যান লান্দে। আজ সোমবার (২২ জুন) রাতে ড্যান লান্দে ও তাঁর দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে খেলা দেখার কথা রয়েছে।
আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে ঢাবি শিক্ষার্থীদের সাথে বড় পর্দায় (Big Screen) উপভোগ করবেন। ম্যাচ চলাকালে শিক্ষার্থীদের মাঝে আর্জেন্টিনার প্রতি যে অবিরাম সমর্থন তৈরি হয়, তা ড্যান লান্দের ক্যামেরা ও লেখনীতে আন্তর্জাতিকভাবে তুলে ধরা হবে।
উপস্থিত থাকবেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত: বিশ্ববিদ্যালয়ের এই জমকালো ফুটবল উৎসবে আরও একটি বড় আকর্ষণ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মহামান্য রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসো-র। রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে মুহসীন হল প্রাঙ্গণ ও টিএসসি এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এর আগে গত রোববার সকালে ড্যান লান্দে ও তাঁর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ড্যান লান্দের এই সফরে তাঁর সাথে আরও এসেছেন আর্জেন্টিনার সৃজনশীল পেশাজীবী ম্যানুয়েল হাভিয়ের এসকেরা রামোন, মার্তিন দে এসকালাদা, মার্তিনা জয়ে গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে। গত ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে শুরু করে বর্তমান ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার কোটি কোটি মানুষের যে অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা তৈরি হয়েছে, তার প্রাতিষ্ঠানিক প্রকাশের অংশ হিসেবেই আর্জেন্টাইন সরকারের এই বিশেষ সফরটির আয়োজন করা হয়েছে।