টাইমসনিউজ২৪.কম ডেস্ক | Times News 24 | Fast Online News Portal | বুধবার, ২৭ মে, ২০২৬ ১২:০০ এ এম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মাসুদ ভূঁইয়া পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ফিলিপাইনের ‘ব্ল্যাক সুগার কেইন’ জাতের আখ। প্রথমবারেই দেড় বিঘা জমিতে চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন তিনি। খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা, বিক্রির আশা করছেন ৪-৫ লাখ টাকা।
এই আখ মূলত সরাসরি খাওয়ার জন্য জনপ্রিয়। দেখতে কালো-খয়েরি হলেও খেতে মিষ্টি ও রসালো। দেশীয় আখের তুলনায় এটি নরম হওয়ায় চিবিয়ে খাওয়ার জন্য বেশ উপযোগী। মাসুদ ভূঁইয়া জানান, একবার রোপণ করলে তিন-চার বছর পর্যন্ত ফলন পাওয়া যায়।
স্থানীয় কৃষক নেহার উদ্দিন শেখ বলেন, “প্রথমে সন্দেহ ছিল। কিন্তু এখন দেখি আখ লম্বা হয়েছে, খেতেও ভালো।” একই গ্রামের সাজ্জাদ হোসেন ও সুমন পালোয়ানও মাসুদের কাছ থেকে কাটিং নিয়ে চাষ শুরু করেছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর কালীগঞ্জে প্রায় এক হেক্টর জমিতে এই আখ চাষ হয়েছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, “ফিলিপাইনের এ আখ চাষ করে মাসুদ লাভবান হয়েছেন। এতে খরচ কম, লাভ বেশি। অন্য উদ্যোক্তারাও উদ্বুদ্ধ হচ্ছেন।”