MD ANIS | Times News 24 | Fast Online News Portal | বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬ ১২:০০ এ এম
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে একটি টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আলোচনা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এই অচলাবস্থার মধ্যেই ইরানের অভ্যন্তরে নতুন করে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে উপসাগরীয় দেশ ও বিভিন্ন জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ওয়াশিংটন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে এই হামলা চালানো হয়েছে। কেশম হলো ইরানের বৃহত্তম দ্বীপ। সেন্টকমের দাবি, এই অভিযানে মূলত ইরানের একটি সামরিক স্থল নিয়ন্ত্রণকেন্দ্রকে নিশানা করা হয়েছিল। এছাড়া আঞ্চলিক জলসীমায় বেসামরিক নৌযান লক্ষ্য করে ছোড়া ইরানের তিনটি ড্রোনও মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করেছে।
অন্যদিকে, মার্কিন এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান দাবি করেছে, আমেরিকার এই আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তারা একটি ‘আঞ্চলিক দেশে’ অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের এই দাবি নাকচ করে দিয়েছে। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, তেহরান কুয়েতের দিকে দুটি এবং বাহরাইনের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা অত্যন্ত সফলতার সাথে সবগুলো ক্ষেপণাস্ত্রই মাঝপথে বিধ্বস্ত অথবা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহান্তে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে কোনো ধরণের অগ্রগতি ছাড়াই সেই আলোচনা শেষ হয়। যুদ্ধবিরতির এই কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে নতুন করে এই ভয়াবহ সামরিক উত্তেজনা শুরু হলো।