MD ANIS | Times News 24 | Fast Online News Portal | মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
রাজধানীর বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে সম্পূর্ণ বিনামূল্যে ১৯ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীর চোখের সফল অপারেশন সম্পন্ন হয়েছে।
গত বুধবার (১০ জুন) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে আনোয়ারা মন্নাফ ফাউন্ডেশন ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মানবিক অপারেশন কার্যক্রমটি পরিচালিত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশন হওয়া মোট ১৯ জন রোগীর মধ্যে ১৮ জনের চোখের ছানি এবং একজনের জটিল নেত্রনালীর অপারেশন করা হয়েছে। এই সুবিধাভোগী রোগীদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের দূরদর্শী নির্বাহী পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ আহমদের সার্বিক তত্ত্বাবধানে এই সার্জারি টিম পরিচালনা করেন ডা. এন্থনি আলবার্ট, ডা. নুসরাত লুবনা এবং ডা. আক্তার ফেরদৌসী জাহান।
হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. মাসউদুর রহমান এই মহৎ উদ্যোগের বিষয়ে বলেন, "বসুন্ধরা গ্রুপ ও ভিশন কেয়ার ফাউন্ডেশন বরাবরই মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। এরই অংশ হিসেবে প্রতিবছর দেশব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এই ধারাবাহিকতায় চলতি বছরও দেশের বিভিন্ন প্রান্তে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিত হয়েছে, যার মাধ্যমে এ পর্যন্ত মোট ৬ হাজার ৬৮ জনেরও বেশি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক অস্ত্রোপচারের সুবিধা দেওয়া সম্ভব হয়েছে।"
তিনি আরও জানান, গত ১২ মে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফরহাবা কওমি মাদ্রাসা প্রাঙ্গণে একটি বৃহৎ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেখানে শত শত রোগীর চোখ পরীক্ষা করে অস্ত্রোপচারের জন্য জরুরি রোগী বাছাই করা হয়। বাঞ্ছারামপুরের সেই ক্যাম্প থেকে নির্বাচিত রোগীদের মধ্য থেকে প্রথম ধাপে ১৯ জনের এই অস্ত্রোপচার বুধবার অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো। সম্পূর্ণ বিনামূল্যে এমন উন্নত চিকিৎসাসেবা ও দৃষ্টিশক্তি ফিরে পেয়ে চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় রোগীরা।