MD ANIS | Times News 24 | Fast Online News Portal | মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
রাজধানী ঢাকার ধানমণ্ডির একটি হাসপাতালের বারান্দা থেকে নিচে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের (৪০) মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনা মামলায় তাঁর স্বামী সাফি উল্লাহ ওরফে মহব্বতকে (৪৫) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে এই মামলায় গতকাল শনিবার (১৩ জুন) সাফি উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সেই রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আব্দুল মান্নান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১২ জুন (শুক্রবার) দুপুরে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের আট তলার বারান্দা থেকে নিচে পড়ে অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই মোজাম্মেল হক বাদী হয়ে শনিবার ধানমণ্ডি মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ এজাহারনামীয় আসামি ও অভিনেত্রীর স্বামী সাফি উল্লাহকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সাফি উল্লাহর তীব্র পেটে ব্যথা শুরু হলে গত ১০ জুন ভোর সাড়ে ৫টার দিকে ঝিলিক ও তাঁর ভাই মোজাম্মেল তাঁকে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তাঁকে ধানমণ্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের আট তলার ৮১৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়। সেখানে স্বামীকে দেখাশোনার জন্য ঝিলিক হাসপাতালেই অবস্থান করছিলেন।
সুস্থ হওয়ায় গত শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে সাফি উল্লাহকে হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়। দুপুর সোয়া ১টার দিকেও ঝিলিক তাঁর ছোট বোন রেশমি আক্তারের সাথে ভিডিও কলে স্বাভাবিকভাবে কথা বলেন এবং হাসপাতালের বিল পরিশোধের জন্য ১৬ হাজার টাকা পাঠাতে বলেন। কিন্তু এর ঠিক ঘণ্টাখানেক পর সাফি উল্লাহ ঝিলিকের বাবাকে ফোন করে আকস্মিকভাবে জানান, ঝিলিক কেবিনের পেছনের খোলা বারান্দার জানালা দিয়ে নিচে পড়ে গিয়ে মারা গেছেন।
নিহত আসমা আক্তার ঝিলিক দেশের শোবিজ অঙ্গনের একজন পরিচিত মুখ ছিলেন। ছোট ও বড় পর্দা মিলিয়ে বেশ কিছু নাট্য ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খান অভিনীত জনপ্রিয় ‘রংবাজ’ সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। তাঁর এই অকাল ও রহস্যময় মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।