MD ANIS | Times News 24 | Fast Online News Portal | মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
বাংলাদেশের নারী শিক্ষা সম্প্রসারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ও যুগান্তকারী অবদানসমূহ জনসাধারণের সামনে নতুন করে তুলে ধরতে সপ্তাহব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। লন্ডন প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট আইনজীবী সাহিদুর রহমান (সাহিদ) এবং প্রখ্যাত সাংবাদিক শাহেদ শফিক যৌথভাবে এই উদ্যোগ নিয়েছেন। কর্মসূচির প্রাথমিক ক্ষেত্র হিসেবে বাংলাদেশের রংপুর বিভাগকে বেছে নেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত রংপুর বিভাগে এই বিশেষ কর্মসূচি চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে যুক্তরাজ্য (লন্ডন) এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও এই কর্মসূচি বিস্তৃত ও বাস্তবায়ন করা হবে।
ব্যতিক্রমী এই কর্মসূচির অংশ হিসেবে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, গণগ্রন্থাগার (লাইব্রেরি) সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক শাহেদ শফিকের লেখা গবেষণাধর্মী গ্রন্থ ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: বৈশ্বিক অনুপ্রেরণার মডেল’ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। সুদীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে নিবিড় অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বইটি রচনা করেছেন তিনি। গত বছরের নভেম্বর মাসে দেশের নামী প্রকাশনী ‘জিনিয়াস পাবলিকেশন্স’ থেকে বইটি প্রকাশিত হয়। এই বইটিতে সচিত্র তথ্যের মাধ্যমে নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার অবদানের নানাদিক নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে লন্ডন প্রবাসী আইনজীবী সাহেদুর রহমান জানান, "বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন ও তার উন্নয়নে অসামান্য কাজ করেছেন। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী হাসিনা সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁর সেই গৌরবোজ্জ্বল অবদানগুলো ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করেছে, যার ফলে দেশের তরুণ প্রজন্ম প্রকৃত সত্য জানা থেকে বঞ্চিত হয়েছে। তরুণদের সঠিক ইতিহাস জানাতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সাংবাদিক শাহেদ শফিকের এই বইটিতে নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদানের চুলচেরা বিশ্লেষণ রয়েছে। তাই ব্যক্তিগত অর্থায়নে বইটি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
বইটির লেখক সাংবাদিক শাহেদ শফিক জানান, "দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, পত্রপত্রিকা, আর্কাইভ ও নিজস্ব নির্ভরযোগ্য সোর্স থেকে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে আমি বইটি লিখেছি। বইটিতে উঠে এসেছে কীভাবে বেগম খালেদা জিয়ার নারী শিক্ষার উদ্যোগগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল এবং বিশ্বের অনেক দেশ তাঁর এই শিক্ষানীতিকে নিজেদের দেশে মডেল হিসেবে বাস্তবায়ন করেছিল।"